চৌদ্দগ্রামে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে কুপিয়ে আহত: গ্রেফতার ১
৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
স্থানীয় জনতা কতৃক আটক করার দৃশ্য
নূরুল আলম আবির :
প্রেমিকার সাথে দেখা করতে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আসে ঢাকার এক তরুণ। তার নাম নিক সরকার। বাজারের ওয়াপদা রোডের একটি বাসায় প্রেমিকার সাথে দেখা করে কথা বলছিল সে। এমন সময় উপস্থিত হয় প্রেমিকার পরিচিত যুবক গাজী রানা। এ সময় কিশোরী মেয়েটিকে উত্ত্যক্ত না করতে বার বার নিষেধ করে গাজী রানা। এখানেই ঘটে-বিপত্তি। নিক সরকার ও গাজী রানার মাঝে শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে প্রেমিক নিক সরকার(২৩) গাজী রানাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
বুধবার (৩০ অক্টোবর) রাত আটটায় এমন ঘটনা ঘটে। বৃহস্পতিবার গুরুতর আহত গাজী রানার মা রোমানা বেগম বাদি হয়ে থানায় নিক সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আহত যুবক গাজী রানা চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরা গ্রামের গাজী বাবুল মিয়ার ছেলে। স্থানীয় জনতা প্রেমিক নিক সরকারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জানা গেছে, প্রেমিক নিক সরকার ঢাকা উত্তরার ইউনাইটেড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং নতুন বাজার ভাটরা এলাকার সবুজ সরকারের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান।
গত চার বছর আগে ঢাকার নতুন বাজার এলাকায় থাকা অবস্থায় ফাইজা নামের এক মেয়ের সাথে নিক সরকারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বুধবার সন্ধ্যায় ঢাকা নতুন বাজার থেকে প্রেমিক নিক সরকার চৌদ্দগ্রাম বাজারের ওয়াপদা রোডের একটি বিল্ডিং এ প্রেমিকার সাথে দেখা করতে এসে অবস্থান নেয়। এ সময় গাজী রানা ওই বিল্ডিংয়ে প্রবেশ করে মেয়েটিকে উত্ত্যক্ত না করতে নিষেধ করে। এক পর্যায়ে নিক সরকার গাজী রানাকে সাথে থাকা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত গাজী রানাকে স্থানীয় লোকজন উদ্ধার শেষে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। প্রেমিক নিক সরকার ঢাকায় চলে যাবার সময় চৌদ্দগ্রাম বাজার হায়দার মার্কেট এলাকা থেকে স্থানীয় জনতা আটক করে তাকে পুলিশের হাতে হস্তান্তর করে।
নিক সরকারের পিতা সবুজ সরকার বলেন, ছেলেকে আমি নিষেধ করেছি। আমরা খ্রিস্টান ধর্মের, মুসলমান ধর্ম তোমাকে মেনে নিবে না। আমার ছেলের সাথে মুসলমান ধর্মের ফাইজা নামের একটি মেয়ের সম্পর্ক ছিল। গত দুই বছর আগে তারা ঢাকার নতুন বাজার থেকে কুমিল্লা চৌদ্দগ্রামে চলে যায়। ছেলে আজ চৌদ্দগ্রাম গিয়ে কি ঘটনা করল জানি না। সাংবাদিকের মাধ্যমে জানতে পারলাম আমার ছেলে অন্য এক যুবককে আহত করেছে।
গুরুতর আহত গাজী রানার মামা অরণ্য জানান, আমি শুনেছি গাজী রানাকে ঢাকার একটি ছেলে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তার নাক-মুখ দিয়ে ব্লাড যাচ্ছে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, গুরুতর আহত গাজী রানাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান বলেন, নিক সরকার নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে। তার বিরুদ্ধে গাজী রানার মা রোমানা বেগম বাদি হয়ে মামলা দায়ের করলে আদালতের মাধ্যমে নিক সরকারকে জেলহাজতে পাঠানো হয়।